দেশের প্রতিটি পৌরসভায় একজন করে নগর পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। সেই সঙ্গে সব পৌরসভার জন্য ‘মাস্টার প্ল্যান’ প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথাও জানান মন্ত্রী। গতকাল রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-বিআইপি আয়োজিত ‘স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। পরিকল্পনাবিদ ও বিআইপির সভাপতি ড. আখতার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। পরিকল্পনাবিদ ও বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে একটি জাতীয় পরিকল্পনা লাগবে এবং সেই পরিকল্পনা অবশ্যই দীর্ঘমেয়াদি হতে হবে। সেই সঙ্গে পরিকল্পনায় অবশ্যই একটি সুনির্দিষ্ট দর্শন থাকতে হবে।
