দেওয়ানগঞ্জ পৌর নির্বাচন আবারও স্থগিত

আপডেট : ২৯ মার্চ ২০২১, ১২:২৮ এএম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি স্থগিত হওয়া নির্বাচনের ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল ৩১ মার্চ। তবে উচ্চ আদালতের নির্দেশে স্থানীয় সরকারের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার এ নির্বাচন আবারও স্থগিত করা হলো।

গতকাল রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ‘আগামী ৩১ মার্চ ২০২১ তারিখে ভোট গ্রহণের জন্য নির্ধারিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন, ২০২১ এর বিষয়ে মাননীয় আপিল বিভাগের সিপিএলএ নং ৫৫৪/২০২১ এ বিগত ১৮ই মার্চ তারিখের আদেশ প্রতিপালনার্থে উক্ত পৌরসভার মেয়রপদসহ সকল পদের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

আদেশে আরও বলা হয়, বর্ণিতাবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত