রোহিঙ্গা অপহরণচেষ্টা

উখিয়ায় ‘সংঘবদ্ধ’ চক্রের ১১ সদস্য আটক

আপডেট : ২৯ মার্চ ২০২১, ০১:৫২ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা অপহরণের ঘটনায় ‘সংঘবদ্ধ’ চক্রের ১১ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে পালংখালী ইউনিয়নের সফিউল্লাহ কাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র সরবরাহ ও অপহরণসহ নানা অভিযোগ রয়েছে। এসব ঘটনায় কক্সবাজারের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

আটকরা হলো, পালংখালী নলবুনিয়া এলাকার ওবাইদুর (৩০), আব্দুল হামিদ (২৮), আব্দুল রশিদ (৩০), আরিফ (২৯), সফিউল্লাহ কাটা এলাকার রিপন (২৪), পালংখালীর মিজান (২২), আব্দুল হক (২০), ইমরান হোসেন (২৮), মোছার খোলা এলাকার নূর মোহাম্মদ (২১), বাদীতলার সিরাজুল (২২), কক্সবাজারের পেকুয়ার মো. হেলাল (২৭)।

উখিয়ার সফিউল্লাহ কাটার রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইনচার্জ আমিনুল হক জানান, ব্লক-বি/৬-এর রোহিঙ্গা হামিদ উল্লাহর ছেলে এয়াকুবকে (৪০) অপহরণের চেষ্টা চালায় অভিযুক্তরা। খবর পেয়ে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ওই ১১ সদস্যকে বেশকিছু ধারালো অস্ত্রসহ আটক করে এপিবিএন ও সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত