জাতীয় ক্রিকেট লিগে মাত্র দুই দিনেই ম্যাচ জিতে নিয়েছে রাজশাহী বিভাগ। সেটাও নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫১ রান করে। আর সেই জয়টাও এসেছে ইনিংস ব্যবধানে!
মঙ্গলবার সাভারের বিকেএসপিতে দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশালকে ইনিংস ও ৯ রানে হারায় রাজশাহী।
টস জিতে আগে ব্যাট করতে নামা বরিশাল প্রথম ইনিংসে মাত্র ৮২ রানে গুটিয়ে যায়। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে করে ১৫১ রান। বরিশাল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় প্রথম ইনিংসের চেয়েও কম রানে। মাত্র ৬০ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।
বরিশাল বিভাগ এদিন টানা দুই ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রানের বিব্রতকর রেকর্ড গড়ে। তাদের আগের সর্বনিম্ন ছিল ৮৭, ২০০৭ সালে রাজশাহীর বিপক্ষেই।
এদিকে দুই ইনিংস মিলিয়ে বরিশালের রান ১৪২। বাংলাদেশে প্রথম শ্রেণির কোনো ম্যাচে এটাই সর্বনিম্ন।
আগের দিনের ১ উইকেটে ২৩ রান নিয়ে এদিন নতুন দিনের খেলা শুরু করে বরিশাল। সানজামুল ইসলাম ও তাইজুল ইসলামের তোপে আর ৩৭ রানেই গুটিয়ে যায় দলটি।
সানজামুল নিয়েছেন ৬ উইকেট। তাইজুল নিয়েছেন ৪টি। প্রথম ইনিংসে তাইজুল ও সানজামুল নেন ৪টি করে উইকেট। সানজামুলের চেয়ে ২ উইকেট কম পেলেও ম্যাচসেরা হয়েছেন তাইজুল। কারণ ব্যাট হাতে ৩৭ রান করেছিলেন তিনি দশ নম্বরে নেমে। তার ব্যাটেই রাজশাহীর ইনিংস এক শ পেরোয়।
