দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বই

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০১:৫৬ এএম

জ্ঞানের আলো পেতে দৃষ্টিশক্তি অনিবার্য নয়, এমন চিন্তা থেকেই বইয়ের ব্রেইল সংস্করণের উদ্ভব। একুশে বইমেলায় দৃষ্টিহীন মানুষের মাঝে জ্ঞানের আলো পৌঁছে দিতে প্রতি বছরের মতো ব্রেইল সংস্করণের বই নিয়ে হাজির হয়েছে ‘স্পর্শ ব্রেইল’ প্রকাশন। মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের এই স্টল অন্য সব স্টল থেকে একেবারে ভিন্ন। এখানে বই বিক্রি করা হয় না, দৃষ্টিহীনদের সম্পূর্ণ বিনামূল্যে বই বিতরণ করা হয়। দৃষ্টিহীনদের মাঝে যারা বই পড়তে আগ্রহী তারা এসে রেজিস্ট্রেশন করে যান। পরে নির্দিষ্ট একটা দিন তাদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় বই। এবারের বইমেলায় মোট ছয়টি ব্রেইল বই এনেছে প্রকাশনটি। সেগুলো হলো সঙ্গীতা ইমামের স্পর্শের রকমফের, আহমেদ রিয়াজের বাংলাদেশের জাতীয়, বেবি মওদুদের শেখ মুজিবের ছেলেবেলা, মাধব রায়ের মানুষের বন্ধু, আহমেদ ইমতিয়াজের কোন দিন জাগিবনা আর ও অধ্যাপক শামসুল ইসলামের নৈতিক চরিত্র গঠনে কুরান ও হাদিস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন শিক্ষার্থী আমজাম হোসেন ব্রেইল বই নিতে রেজিস্ট্রেশন করেছেন। তিনি বলেন, আমাদের বিভিন্ন গল্প উপন্যাস পড়তে ইচ্ছা করে। কিন্তু ব্রেইল বই না থাকায় পড়তে পারি না। স্পর্শ ব্রেইল প্রতি বছর বেশ কিছু বই নিয়ে আসছে, যার জন্য আমাদের বই পড়ার ইচ্ছা পূরণ হচ্ছে।

স্পর্শ ব্রেইলের সহ-প্রতিষ্ঠাতা নাজিয়া জীবন বলেন, আমাদের সংগঠন স্পর্শ ব্রেইল প্রকাশনার কাজ সমাজে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে বই তুলে দেওয়া। আমরা স্বল্প পরিসরে সে কাজ চালিয়ে যাচ্ছি। দৃষ্টিহীনরা ব্রেইলে কাটা কাটা অক্ষরে পড়েন; আমরা সাধারণ বইকে সে পদ্ধতিতে প্রকাশ করছি। তবে একটি ছোট্ট সংগঠন দিয়ে এ প্রকাশনার উন্নতি সম্ভব নয়। এগিয়ে আসা দরকার নামকরা প্রকাশনীগুলোকে।

তিনি বলেন, স্পর্শ ব্রেইলের উদ্যোগে আমরা জাতীয় গ্রন্থাগারে ব্রেইল চত্বর চালু করেছি। এখন থেকে দৃষ্টিহীনরা সেখানে গিয়ে পড়াশোনা করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত