চট্টগ্রামে বোমা মারার ‘হুমকি’ দিয়ে একটি বেসরকারি ব্যাংক জিম্মি করে টাকা দাবি করেছেন এক তরুণ। পুলিশ জানিয়েছে, আটক ওই তরুণের পকেট থেকে একটি পারফিউটের কৌটা উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকাল ৬টার দিকে নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতাল গেট এলাকায় বেসরকারি ট্রাস্ট ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
আটক তারেকুল ইসলাম (২৫) কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘বুধবার বিকেল ৩টার দিকে তারেকুল ট্রাস্ট ব্যাংকে ওই শাখায় গিয়ে বসে থাকেন। কিছু সময় অতিবাহিত হলে তিনি পকেটে হাত দিয়ে ব্যাংকের কর্মকর্তাদের কাছে ২০ লাখ টাকা দাবি করে জানান যে, টাকা না দিলে পকেটে রাখা বোমা মেরে উড়িয়ে দেবেন। ব্যাংক কর্মকর্তারা তার সঙ্গে আলাপের এক পর্যায়ে পুলিশে খবর দিলে নৌবাহিনী, র্যাব, পুলিশ সদস্যরা গিয়ে তাকে আটক করে। এসময় তার প্যান্টের পকেট থেকে একটি পারফিউমের কৌটা উদ্ধার করা হয়।’
ওসি বলেন, ‘আটক তারেকুল জানিয়েছে, সে সর্বস্ব হারিয়ে কুয়েত থেকে দেশে এসে বেকার আছে গত একবছর যাবত। তাকে আটক করে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
