ইনজুরির কারণে মাহমুদউল্লাহ রিয়াদ ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
বৃহস্পতিবার অকল্যান্ডে বাংলাদেশ সময় বেলা ১২টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে বেশ দেরিতে শুরু হয়। লিটনের বাংলাদেশের নেতৃত্বে অভিষেক হয়েছে টস জয়ের মধ্য দিয়ে। ১০ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিটন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সপ্তম অধিনায়ক হলেন লিটন। ২০০৬ সালে শাহরিয়ার নাফীসের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। এক ম্যাচেই দেশকে নেতৃত্ব দেন তিনি।
এরপর মোহাম্মদ আশরাফুল ১১, সাকিব আল হাসান ২১, মুশফিকুর রহিম ২৩, মাশরাফী বিন মোর্ত্তজা ২৮ ও মাহমুদউল্লাহ রিয়াদ এখন পর্যন্ত ১৪ টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই নেই। ছুটি নিয়ে দেশে ফিরেছেন তিনি। মুশফিকুর রহিম ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচের ধারাবাহিকতায় এ ম্যাচেও খেলতে পারছেন না। সাকিব আল হাসান তো ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডেই যাননি।
মাশরাফী বিন মোর্ত্তজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২০১৭ সালে। মাহমুদউল্লাহ রিয়াদও না থাকায় এ ম্যাচের মধ্য দিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা হলো দর্শকদের। দীর্ঘ ১৫ বছর পর ‘পঞ্চপাণ্ডব’দের কেউ নেই বাংলাদেশ একাদশে।
আরো পড়ুন
