অভিনেত্রী, নির্মাতা ও শিল্পকলা একাডেমির পরিচালক আফসানা মিমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
খবরটি নিশ্চিত করেছেন নাট্যদল বটতলার সদস্য ইভান রিয়াজ।
তিনি বলেন, “গত সপ্তাহে আফসানা মিমি আপার কভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকেই তিনি বাসায় আইসোলোশনে ছিলেন, সুস্থও ছিলেন। এখনো তিনি যথেষ্টই সুস্থ এবং স্বাভাবিক আছেন।”
হাসপাতালে ভর্তি প্রসঙ্গে ইভান বলেন, “সাধারণ চিকিৎসা সহায়তার জন্য আজ (বৃহস্পতিবার) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে (আইসিইউ নয়)। আতঙ্ক না ছড়ানোর অনুরোধ রইলো সকলের প্রতি। আশা করছি মিমি আপা খুব শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।”
আফসানা মিমির অভিনয় জীবন শুরু মঞ্চনাটকের মধ্য দিয়ে। নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে কাজ শুরু করেন তিনি।
১৯৯০ এর দশকের শুরুতে ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকে অভিনয় দিয়ে মিমি টেলিভিশনে পা রাখেন। এর পর করেছেন অসংখ্য নাটক। বিজ্ঞাপনের প্রিয়মুখ ছিলেন। এ ছাড়া তিনি নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পাড়ে ও প্রিয়তমেষু সিনেমায় অভিনয় করেছেন।
গেল নভেম্বরে তিন বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আফসানা মিমি।
