বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও পেলেন সম্মানজনক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সোশ্যাল মিডিয়ায় জয়া-বন্দনায় মুখর শোবিজের সবাই। কিন্তু জয়ার অনুভূতি কী? এ নিয়ে কথা বলেছেন তিনি
দুই ছবিতে ফিল্মফেয়ার...
২০১৯ সালের কলকাতার ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি এবার। গত বুধবার সন্ধ্যায় ভারতের কলকাতার একটি তারকা হোটেলে আয়োজন করা হয় এই পুরস্কার অনুষ্ঠানের। করোনা মহামারীর কারণে গত বছরের অনুষ্ঠানটি এ বছর আয়োজন করা হয়েছে। মাত্র একদিন আগেই আয়োজকরা জানান, আমাকে অনুষ্ঠানস্থলে থাকতেই হবে। অনেক কষ্টে দ্রুত কভিড টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে কলকাতা যাই অনুষ্ঠানের দিন সকালে। তবে কষ্ট সার্থক হয়েছে ব্ল্যাক লেডি (ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড) হাতে পেয়ে।
অনুভূতি...
দেশের বাইরে কাজ করে এ রকম একটা শক্ত প্রতিযোগিতায় কোনোভাবে আমার নামটা থাকছে, এটা অনেক বড় সম্মান। আমি বরাবরই বলি, দেশের বাইরে কোনো পুরস্কার পেলে আমার দ্বিগুণ আনন্দ হয়। কারণ, সেই পুরস্কারটি শুধু আমার একার থাকে না। আমার দেশ ও দেশের শিল্পাঙ্গনকে প্রতিনিধিত্ব করার যে গৌরব সেটা অনুভব করি। তাই আমার আন্তর্জাতিক পুরস্কারে আমার চেয়ে বেশি খুশি হন বাংলাদেশের শোবিজের প্রতিটি শিল্পী, আমার পরিবার ও বন্ধুবান্ধব। তবে এবার ফিল্মফেয়ারটা নানা কারণে স্পেশাল। এর আগে কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ ছবির জন্য প্রথম ফিল্মফেয়ার পেয়েছিলাম। সেটি ছিল পপুলার ক্যাটাগরিতে। এবার সেই ‘বিসর্জন’-এরই সিক্যুয়েল ‘বিজয়া’র জন্য পুরস্কার পেয়েছি। এই ছবি দুটি আমার প্রাণের কাছের। কারণ, এতে আমার চরিত্র পদ্মা বাংলাদেশ ও ভারতের ভালোবাসার কথা বলে। এটা আমার দেশের মাটির কাছের চরিত্র। আনন্দ আরও বেড়ে গেছে একই সঙ্গে দুটি ছবির জন্য পুরস্কার পেয়ে। অনেকেই জানেন অতনু ঘোষের ‘রবিবার’ ছবির জন্য আমি কিছুদিন আগে অন্যতম সম্মানজনক ‘মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলাম।
ভালোবাসায় সিক্ত...
শুধু ফিল্মফেয়ারের ক্ষেত্রেই নয়, আমার জীবনের ছোট-বড় অর্জনে পাশে পেয়েছি বাংলাদেশের সহকর্মীদের। শুধু তাই নয়, আজকে আমাকে জয়া আহসান বানিয়েছে আমার দেশের দর্শক। তাদের কাছে আমার অনেক দায়। এই যে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে বিখ্যাত তারকা থেকে শুরু করে একজন সাধারণ দর্শক তার মনের অভিব্যক্তি প্রকাশ করছেন, সেটা তো ভালোবাসারই ফল। জানি না আমি এত ভালোবাসা, এত প্রশংসার যোগ্য কি-না। তবে একদিন সেই যোগ্যতা অর্জন করতে চাই বলেই আমার যত প্রচেষ্টা। ভালো কাজ করতে চাই। কিছু অজানা চরিত্রে এক্সপ্লোর করতে চাই। এর চেয়ে শিল্পীজীবনে বেশি কিছু চাওয়ার থাকতে পারে না।
