রাজধানীর ভাষানটেক এলাকা থেকে কাগজের বক্সে ভরা ও সারা শরীরে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় নাজমা বেগম (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়। হত্যার পর মরদেহে স্কচটেপ পেঁচিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ভাষানটেক থানার ওসি দেলোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘নাজমা বেগমের বাসা রূপনগর আবাসিক এলাকায়। তার দুই বিয়ে হয়। দুই ঘরে দুই কন্যাসন্তান আছে। আমরা তার আত্মীয়স্বজন ও স্বামীর সঙ্গে কথা বলেছি। হত্যাকাণ্ডের মোটিভ এখনো জানা যায়নি। আমরা চেষ্টা করছি। দ্রুতই হত্যাকাণ্ডের কারণ ও কারা কী উদ্দেশ্যে হত্যা করেছে, সব বের করতে পারব।’
ভাষানটেক থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল ভোর ৬টায় ভাষানটেক এলাকার ঢাকা ডেন্টাল কলেজের সামনে একটি কাগজের বাক্স দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে কার্টনটি খুলে সারা শরীরে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ পাই। প্রথমে নিহত নারীর নাম ও পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রাতে ওই নারীকে কেউ হত্যা করেছে। তারপর শরীরে স্কচটেপ পেঁচিয়ে বাক্সে ঢুকিয়ে ফেলে রেখে গেছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
ভাষানটেক থানার এসআই জিয়া জানান, এনআইডির সার্ভার ও প্রযুক্তিগত তদন্তে নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কারা বক্সটি সেখানে ফেলে গেছে, সেটা উদ্ধারের চেষ্টা চলছে।
