সাহসী তরুণ-তরুণীদের জন্য নতুন সুযোগ

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১১:৩৩ এএম

‘অদম্য সাহস! তবে গর্জে ওঠো’ এই স্লোগান নিয়ে শুরু হচ্ছে রিয়্যালিটি শো ‘বিডি এক্সট্রিম’।

সংশ্লিষ্টরা জানান, মূলত সারাদেশে ছড়িয়ে থাকা অদম্য সাহসী ছেলে-মেয়েদের এক জায়গায় নিয়ে এসে একটা প্রতিযোগিতার মাধ্যমে তাদের তুলে ধরা এ আয়োজনের উদ্দেশ্য।

তাদের দাবি, পার্শ্ববর্তী দেশসহ আরও উন্নত দেশগুলোতে এ ধরনের রিয়্যালিটি শো দেখা গেলেও বাংলাদেশে এটাই প্রথম। আমরা খুঁজে বেড়াবো প্রচণ্ড সাহস ও ব্যতিক্রমী মেধার ছেলে-মেয়েদের যারা আমাদের দেশকে আগলে রাখবে আর নেতৃত্ব দেবে সামনের দিনগুলোতে। 

প্রথম রাউন্ডে চারটি এপিসোড থাকবে যেখানে আবেদনকারীরা প্রথমবারের মতো অডিশন দেবে। বিচারক হিসেবে উপস্থিত থাকবেন খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, পুলিশ, আর্মি, মিডিয়া ব্যক্তিত্বসহ অনেকে। অডিশনটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক জিম ট্যাপআউট ফিটনেসে অনুষ্ঠিত হবে।

নির্বাচিত ১৬ জন ছেলে এবং ১৬ জন মেয়েকে পরের রাউন্ডে চারটি দলে বিভক্ত করে চারজন টিম লিডারের তত্ত্বাবধানে দুর্ধর্ষ সব খেলায় অংশ নিতে হবে। ধারণ করা হবে ঢাকার বাইরের আউটডোর লোকেশনে, যার মধ্যে থাকছে অ্যাডভেঞ্চারের সব আয়োজন। 

টিম লিডার হিসেবে থাকবেন ব্যাংকার আদীব হোসেন, ব্যবসায়ী-অভিনেতা আসিফ নূর, অভিনেতা অন্তু করিম ও মডেল সুমাইয়া চৌধুরী।  

আয়োজকেরা বলছেন, অনুষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধারণ করা হবে এবং টুইস্ট ও মজার ঘটনা দিয়ে সাজানো হবে। রাতের বেলা বেশ কিছু এপিসোড থাকবে যা গহীন জঙ্গলে চিত্রায়িত করা হবে। লোকেশন তালিকায় আছে গাজীপুর, সিলেট ও কক্সবাজার।

২ এপ্রিল থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে ১৮ থেকে ২৯ বছর বয়সী যে কেউ এখানে আবেদন করতে পারবেন। নিবন্ধনের লিংক বিডি এক্সট্রিম ফেইসবুক পেজে পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত