বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন প্রখ্যাত লেখক ড. স্টিফেন শোর আত্মজীবনী বাংলা ভাষায় অনুবাদ করতে যাচ্ছেন। গতকাল শুক্রবার বিশ^ অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেওয়া হয়। অটিজম আক্রান্ত ব্যক্তি এবং তাদের বাংলাভাষী মা-বাবার জন্য এটি আনন্দের সংবাদ।
ড. স্টিফেন শোর বই ‘বেয়ন্ড দ্য ওয়াল ইন’ বাংলায় ‘প্রাচীর পেরিয়ে’ নামে প্রকাশ হবে বলে জানিয়েছে সূচনা ফাউন্ডেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন।
স্টিফেন শোর একজন খ্যাতিমান আইনজীবী, যিনি শৈশবে অটিজম শিশু হিসেবে সমাজে পরিচিত ছিলেন। আত্মজীবনীমূলক বইটিতে এসপারগার সিনড্রোমসহ নিজের জীবন সম্পর্কে সাবলীল ব্যাখ্যা দেন তিনি। ড. শোর বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যাডেলফি বিশ^বিদ্যালয়ের বিশেষ শিক্ষার সহকারী অধ্যাপক হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করছেন।
সায়মা ওয়াজেদ বইটি প্রকাশের ঘোষণা দেওয়ায় লেখক স্টিফেন শোর ফেইসবুক ও ইনস্টাগ্রাম বার্তায় দারুণ উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘যখন আমি জানতে পেরেছিলাম যে সূচনা ফাউন্ডেশন আমার আত্মজীবনীটি বাংলায় অনুবাদ করতে চেয়েছে, সেটি আমার জন্য খুবই আনন্দের তো বটেই, একই সঙ্গে সম্মানেরও।’
তিনি লেখক অনুবাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি
