পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আসনে নিজেদের বিজয় নিশ্চিত বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল শুক্রবার দলের নেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, ৬০ আসনের ৫০টিতে জয় পেতে যাচ্ছেন তিনি।
বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাবেক সহযোগী শুভেন্দু অধিকারীই এ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। গত বৃহস্পতিবার নন্দীগ্রামে ভোট হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার আধঘণ্টা আগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় নির্বাচন কমিশনের দেওয়া হিসাব মতে নন্দীগ্রামে ৮০ শতাংশ ভোট পড়েছে।
আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারে ১৪টি আসনের ভোটগ্রহণকে সামনে রেখে গতকাল শুক্রবার উত্তরবঙ্গে প্রচার শুরু করেছেন মমতা। এদিন কোচবিহারের দিনহাটায় প্রথম সভা করেন তিনি। নন্দীগ্রামে নিশ্চিত জয় পেতে যাচ্ছেন দাবি করে মমতা বলেন, ‘নন্দীগ্রামের মানুষকে অভিনন্দন। নন্দীগ্রামে ভোট দেখে বলতে পারি আপনারা জয়ের দিকে তাকিয়ে থাকুন। দু’দফায় ৬০টি কেন্দ্রে ভোট হয়েছে। এর মধ্যে ৫০টিতে আমিই জিতছি।’
সকাল ৯টা ১৫ মিনিটের দিকে নন্দীগ্রাম ছাড়েন মমতা। সেখান থেকে যান কলকাতা বিমানবন্দর। তারপর বাগডোগরা হয়ে পৌঁছান দিনহাটায়। সেখান থেকে নাটাবাড়িতে জনসভা করে যান আলিপুরদুয়ারে।
