পাবনা সদর উপজেলার তারিবাড়িয়া বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলোসদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)। আহত হন আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩০)।
সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পথে তারাবাড়িয়া বাজার এলাকার কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইলফোনে কথা বলছিলেন তিনি। এ সময় বালু পরিবহন করা একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর ও তার মেয়ে সিনহা মারা যায়। পরে গুরুতর আহত নাসরিন আক্তারকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় পালিয়ে যায় ট্রাকের চালক-হেলপার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত ৩ : জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ব্যাংক কর্মকর্তা আবু ছালাম (৪৬) নিহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার তেতুঁলতলী এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। এ সময় মোটরসাইকেলে তার ছেলে সিয়াম (১৪) গুরুতর আহত হন। নিহত আবু ছালাম সদরের দোগাছী দরগাতলাহাট এলাকার শাহজাহান আলীর ছেলে ও নওগাঁর বদলগাছী সোনালী ব্যাংক শাখার ম্যানেজার।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছালাম ও তার ছেলে সিয়াম বিয়ের দাওয়াতে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর এলাকায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে তেঁতুলতলী এলাকায় পাথর বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গেলে বালুতে পিছলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ছালাম এবং সিয়াম গুরুতর আহত হয়। স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ : মৌলভীবাজারের রাজনগর উপজেলার লুয়াইউনী এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছন। আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে রাজনগর উত্তরভাগ চা-বাগানের বাসিন্দা মোটরসাইকেল আরোহী সুজন কর্মকার নামে একজনের মৃত্যু হয়। আহত আরও দুজনকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।
