করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। গতকাল শুক্রবার বিকেলে তিনি এই নির্দেশনা দেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব শপিং সেন্টার, বিপণি কেন্দ্র, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। তবে ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। এসব নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কঠোর নির্দেশনা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবারও ১৮ দফা নির্দেশনা দিয়ে সব ধরনের সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে জনসমাগম ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল।
