স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার আবদুল মান্নানকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ডা. নাসিমা সুলতানা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বর্তমানে আইসোলেশনে রয়েছেন। এছাড়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক মিজানুর রহমান এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা গত কয়েক দিনে করোনা আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। গতকাল দুপুর ১২টার দিকে তাকে রাজধানীর গাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছর জুন মাসে মান্নান স্বাস্থ্য সচিবের দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তার স্ত্রী কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
দেশে পরীক্ষামূলকভাবে করোনার টিকাদান শুরুর পর গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন আবদুল মান্নান।
এদিকে গতকাল ফেইসবুকে দেওয়া এক পোস্টে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি লিখেছেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারী থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন।’ গত ২৭ জানুয়ারি দেশে প্রথম যে পাঁচজনকে করোনার টিকা দেওয়া হয়েছিল নাসিমা সুলতানা তাদের একজন।
