করোনাসহ ৬ প্রকল্পের জন্য জাপানের কাছে ঋণ চেয়েছে সরকার

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০১:৩৩ এএম

করোনা মোকাবিলাসহ ছয়টি প্রকল্পে জাপারের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) প্যাকেজ থেকে জাপানের চলতি ২০২১-২২ অর্থবছর (এপ্রিল-মার্চ) থেকে আর্থিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গত ৩১ মার্চ বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে ৪২তম ঋণ প্যাকেজ নিয়ে ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে এ সহযোগিতা চাওয়া হয়। গত জাপানিজ অর্থবছরে এ প্যাকেজ থেকে বিশ্বের ৭০টি দেশের মধ্যে সর্বোচ্চ ৩ দশমিক ৩৯৩ বিলিয়ন ডলারের ঋণ পেয়েছিল বাংলাদেশ।

সহযোগিতা চাওয়া প্রকল্পগুলো হলো ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন ১ (সেকেন্ড ট্রান্স), ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন ৬, মাতারবাড়ী কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট, সাউদার্ন চট্টগ্রাম রিজিওনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, হেলথ সেক্টর ডেভেলপমেন্ট পলিসি লোন এবং করোনা মোকাবিলায় বিশেষ ঋণ সহযোগিতা।

ইআরডির জাপান অধিশাখার যুগ্ম সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক গণমাধ্যমকে বলেন, ‘জাপানের পরবর্তী ওডিএ প্যাকেজে ছয়টি প্রকল্পে বিনিয়োগের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এ ছয় প্রকল্পের জন্য কত টাকা দেবে তা এখন বলা যাচ্ছে না। অর্থের পরিমাণ জাপান সরকার নির্ধারণ করবে।’

তবে ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ঋণ প্যাকেজে বাংলাদেশকে নামমাত্র সুদে ২৯ হাজার ১৫৪ কোটি টাকা ঋণ দিতে পারে। পুরো অর্থই জাপানের ৪২তম ওডিএ ঋণ প্যাকেজ থেকে দেওয়া হবে। ১০ বছরের গ্রেস পিরিয়ড ও ৪০ বছরের পরিশোধের শর্তে এ ঋণের সুদের হার হবে শূন্য দশমিক ৬০ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত