রমজান এলেই এক শ্রেণির ব্যবসায়ী পণ্যমূল্য বাড়িয়ে দেয়: কাদের

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০১:৪৯ পিএম

রমজান এলেই এক শ্রেণির ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়, যা শাস্তিযোগ্য অপরাধ। এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অহেতুক মূল্যবৃদ্ধি ও মজুতদারি নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে। ইতিমধ্যে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে।

শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

বাজার অস্থির করার যে কোন অপপ্রয়াস সরকার মেনে নেবে না, কোন ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না বলেও হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের।

করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় শিল্প-কলকারখানা হয়তো শর্ত সাপেক্ষে চালু থাকতে পারে।

সঙ্গে উল্লেখ করেন, সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে।

করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরা জরুরি কর্তব্য বলে মনে করে সেগুলো পালন করার আহ্বান জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু এখনো অনেকেই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধির প্রতি অনীহা দেখাচ্ছে, যা প্রকারান্তরে ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। নিজেদের সুরক্ষায় সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এখন মূল কাজ।

যারা কথা দিয়ে কথা না রেখে দূরপাল্লায় দ্বিগুণ ভাড়া আদায় করছে, তাদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্যোগের মধ্যে জনগণের দুর্ভোগ বাড়াবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত