করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার থেকে দেশ জুড়ে সপ্তাহব্যাপী লকডাউনের ‘সিদ্ধান্ত আসছে’। আর এতে করে চলমান অনেক ক্রীড়া ইভেন্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই ‘লকডাউন সিদ্ধান্তে’ শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের আসছে শ্রীলঙ্কা সফর নিয়েও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই এ নিয়ে চিন্তিত নয়।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বরং পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বললেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সফরের সব রকম ব্যবস্থাই ঠিক করা আছে। তবে আমরা এই সময় দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সরকার লকডাউন ঘোষণা করছে বিবেচনা করলেও এই মুহূর্তে সফর অনিশ্চিত আমি এমনটা বলতে পারছি না।’
তিনি যোগ করেন, ‘আমরা বুঝতে চাই কয়েক দিনে পরিস্থিতি কেমন দাঁড়ায়। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে পরামর্শের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রতিপক্ষ শ্রীলঙ্কার কর্তৃপক্ষের সঙ্গেও এ নিয়ে আলোচনা করা হয়ে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। মূল সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে সূচিতে। ২১ এপ্রিল প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা। দুটি ম্যাচেরই ভেন্যু নির্ধারিত হয়েছে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম।
সিরিজটি মূলত গত বছর হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা দুই দফায় পিছিয়ে যায়।
নিউজিল্যান্ড সিরিজ শেষ করে রবিবার দেশে ফিরবে বাংলাদেশ দল। টেস্ট দলের সদস্যরা শ্রীলঙ্কা সফরের জন্য জৈব সুরক্ষা বললে ঢুকে পাড়ার আগে ক’দিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন।
আইপিএলে খেলার জন্য এই সফর থেকে ছুটি নেন সাকিব আল হাসান। পরে মোস্তাফিজুর রহমানকেও আইপিএলের জন্য ছাড়পত্র দেয় বিসিবি।
সাকিব এরই মধ্যে তার দল কলকাতা নাইটরাইডার্সে যোগ দিয়েছেন। মোস্তাফিজুর রহমান নিউজিল্যান্ড থেকে সরাসরি ভারত যাবেন। তিনি খেলবেন রাজস্থান রয়্যালসে।
দেশের করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিসিবি এরই মধ্যে জাতীয় ক্রিকেট লিগ স্থগিত করেছে।
