সরকার ১০০ টাকা ধার্য করলেও করোনার নমুনা পরীক্ষায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ২০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। হাসপাতালের অসাধু কর্মচারীরা রসিদ ছাড়া এ অর্থ নিচ্ছে বলে অভিযোগ করেছেন শহরের বাসিন্দা ছালেহ আহমদ চৌধুরী।
গতকাল শনিবার তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আজ (গতকাল) দুপুর ১২টার দিকে নমুনা পরীক্ষার জন্য হাসপাতালের কভিট কাউন্টারে গেলে ২০০ টাকা নেওয়া হয়। একই সময় আরেকজন থেকে ১০০ টাকা নেওয়া হয়। কারণ জানতে চাইলে কাউন্টারের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম ফি বাড়ানো হয়েছে বলে জানান। পরে হাসপাতালের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান জাহাঙ্গীরের কাছে অভিযোগ দিলে সাইফুল এসে ১০০ টাকা ফেরত দেন।’ গত মঙ্গলবারও ছেলের করোনা পরীক্ষার সময় ছালেহ চৌধুরীর কাছ থেকে ২০০ টাকা নেওয়া হয়। শুধু তিনি নন, শনিবার কভিড কাউন্টারে আসা অন্যদের থেকেও সাইফুল ২০০ টাকা করে আদায় করেন বলে ভুক্তভোগীরা জানান। কাউন্টারের সামনে পরীক্ষার ফি-সংক্রান্ত কোনো নোটিস না থাকায় অসাধু কর্মচারীরা বিনা রসিদে বাড়তি টাকা আদায় করছে।
এ বিষয়ে সাইফুল ইসলাম জানান, রিপন নামে এক যুবকের কাছে সালেহ আহমদ ২০০ টাকা দিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে ১০০ টাকা ফেরত দিয়েছি। কারও কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বলেন, ‘২০০ টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
