খুলনায় সন্ধ্যা ৭টার পর বাজার ও দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটন কেন্দ্র, পার্ক, বিনোদন কেন্দ্র বন্ধ রাখাসহ ৫ দফা নির্দশনা দেওয়া হয়েছে। তবে, ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।
গতকাল শনিবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে খুলনা জেলার করোনাভাইরাস সংক্রমণ, প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় বাজার ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসমাগম, সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ন্ত্রণ, যান চলাচল, পর্যটন, বিনোদন কেন্দ্রে জনসাধারণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সিদ্ধান্ত কার্যকরের লক্ষ্যে খুলনা জেলার করোনাভাইরাস সংক্রমণ, প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
