করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর পারভেজ (৪৭) মারা গেছেন। রাজধানীর বাড্ডার এম. জেড. হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে গত ২৭ মার্চ থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান বিচারপতি।
সিলেটে জন্ম নেওয়া তানভীর পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি লন্ডনে বার অ্যাট ল করেন। ব্যারিস্টার তানভীর পারভেজের অকালমৃত্যুতে আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য ফেইসবুকে শোক প্রকাশ করেছেন।
