সিরাজগঞ্জ পৌর শহরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টাকালে সারমিন সুলতানা মল্লিক (৩৮) নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ২টার দিকে শহরের স্টেডিয়ামের প্রধান গেট সংলগ্ন এ ঘটনা ঘটে। এ সময়
আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সারমিন শহরের কালীবাড়ি রোডের আবদুল হাকিম ভুট্টোর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই নারী সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাচলিয়া এলাকার সুজন আহম্মেদসহ পাঁচজনের সঙ্গে ডিশ লাইনের ব্যবসা করতেন। সুজন বিভিন্ন সময় তার কাছে থেকে ১৯ লাখ টাকা ও ব্যবসার অংশীদারিত্ব কৌশলে লিখে নেয়। পাওনা টাকা ফেরত চাইলে ও অংশীদারিত্ব দাবি করলে বিভিন্ন সময়ে সুজন তাকে হুমকি দেন। এরপর স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার কাছে ধরনা দিয়েও প্রতিকার না পাওয়ায় গতকাল সারমিন গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার শরীরের কোনো আঘাত লাগেনি বা ক্ষতি হয়নি। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিগ্ধ আক্তার হাসপাতালে গিয়ে সারমিন সুলতানা মল্লিকের খোঁজখবর নেন।
এদিকে সারমিনের আত্মহত্যার চেষ্টার একটি ভিডিও গতকাল ফেইসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। জানা গেছে, কয়েক দিন আগে সুজন তার ফেইসবুক অ্যাকাউন্টে সারমিনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে একটি পোস্ট দেন। তার ওই পোস্ট নিয়েও এলাকায় ব্যাপক সমালোচনা হয়।
সারমিনের আত্মহত্যার চেষ্টার বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
