ইউরোপে শনাক্ত ছাড়াল ৪ কোটি

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০২:১৯ এএম

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তদের মধ্যে শনাক্ত ছাড়িয়েছে ১৩ কোটি। ২০১৯ সালের শেষে চীনে প্রথম শনাক্ত হওয়া ভাইরাসটি গেল সোয়া এক বছরে ছড়িয়েছে বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে। মারা গেছে অন্তত সাড়ে ২৮ লাখ মানুষ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারসের পরিসংখ্যান অনুযায়ী করোনায় সবচেয়ে বিপর্যস্ত অঞ্চল এখন ইউরোপ। মহাদেশটিতে শনাক্ত এবং মৃত্যু দুটোই সবচেয়ে বেশি। গতকাল অঞ্চলটি শনাক্তে ছুঁয়েছে নতুন এক মাইলফলক। প্রথম কোনো অঞ্চল হিসেবে সেখানে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডমিটারসের হিসাবে ইউরোপে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৯ লাখ ২২ হাজার ৭৯৯ জনের। অঞ্চলটিতে অবশ্য আক্রান্তদের মধ্যে সেরে উঠেছে অন্তত ২ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ২৮৩ জন। 

উত্তর আমেরিকায় শনাক্ত হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ৩৮৭ জন। সেখানে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ লাখ ২৩ হাজার ৯৭ জনের। আর আরোগ্য লাভ করেছে অন্তত ২ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার ৯৫ জন।

দক্ষিণ আমেরিকায় শনাক্ত ছাড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৩৪১ জন। সেখানে মারা গেছে ৫ লাখ ৬০ হাজার ৬০২ জন। আর আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা ১ কোটি ৯০ লাখ ৭৬ হাজার ৭০ জন। 

এশিয়ায় শনাক্ত ছাড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। অঞ্চলটিতে মারা গেছে ৪ লাখ ৩১ হাজার ৭১৮ জন। এশিয়ায় করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যাও অতিক্রম করেছে ২ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৮৫৯ জন। 

আফ্রিকায় শনাক্ত হয়েছে ৪২ লাখ ৮৭ হাজার ৩২০ জন। অঞ্চলটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭০৩ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে অন্তত ৩৮ লাখ ৪৪ হাজার ৪০২ জন। ওশেনিয়া মহাদেশে শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৭২৮ জন করোনা রোগী। অঞ্চলটিতে মারা গেছে ১ হাজার ১৪২ জন। আর আরোগ্য লাভ করেছে ৩৪ হাজার ৫৮৭ জন।

এদিকে একক দেশ হিসেবে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৬৭ হাজার ৬১০ জন মারা গেছে। এ ছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৪ হাজার ৬২৫ জনের। আর সুস্থ হয়েছে ২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ৬৩৫ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৩৭৯ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৩৬৬ জনের। আর সুস্থ হয়েছে ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৯২৮ জনের।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারত করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ২৩ লাখ ৯১ হাজার ১২৯ জন। মারা গেছে ১ লাখ ৬৪ হাজার ১৪১ জন। আর সুস্থ হয়েছে ১ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৬০ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় রাশিয়াকে ছাড়িয়ে চারে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৪৭ লাখ ৪১ হাজার ৭৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৯৬ হাজার ২৮০ জন। আর সুস্থ হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৭৩৪ জন।

এদিকে তালিকার পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ৯৯ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৪৫ লাখ ৬৩ হাজার ৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪১ লাখ ৮৬ হাজার ২৫১ জন।

এরপর করোনাভাইরাস শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।

২০১৯ সালের ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত