পারিবারিক কলহের জেরে ধরে সুমাইয়া আক্তার (২৫) নামে এক নারী তার দুই সন্তানকে বিষপান করিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার দুপুর ১২টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
দুপুর দেড়টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে সুমাইয়াকে মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে তাকে। সুমাইয়ার মেয়ে হালিমা আক্তার (৩) ও ছেলে আবু হুরাইরাকে (২) অসুস্থ অবস্থায় সদর হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সুমাইয়ার বাবা সোহাগ খান বলেন, ছয় বছর আগে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ডালীরহাট গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদারের সঙ্গে আমার মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। সাইফুল ভ্যানচালক। বিয়ের পর থেকে দুজনের ঝগড়া হতো। ওরা গোসাইরহাট দাসের জঙ্গল এলাকায় দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকে। রবিবার দুপুরে আবার পারিবারিক বিষয়ে সুমাইয়ার সঙ্গে মতবিরোধ হয় সাইফুলের। একপর্যায়ে সাইফুল বাসা থেকে বের হয়ে গেলে মেয়ে সুমাইয়া ক্ষোভে নাতনি হালিমা ও নাতি আবু হুরাইরাকে বিষপান করিয়ে নিজেও বিষ (কীটনাশক) পান করে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, পারিবারিক কলহের জেরে সুমাইয়া ও তার স্বামী সাইফুল হাওলাদারের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার পর সাইফুল বাসা থেকে বের হয়ে যান। পরে অপমান সহ্য করতে না পেরে ক্ষোভে সুমাইয়া তার দুই সন্তানকে বিষপান করান ও নিজেও বিষপান করেন। আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নিলে সুমাইয়া মৃত্যুবরণ করেন। তার দুই সন্তানের চিকিৎসা চলছে। এখনো কোনো অভিযোগ হয়নি। তদন্ত চলছে।
