আক্রান্ত অনেক তারকা

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১০:৫৬ পিএম

করোনার দ্বিতীয় ঢেউ ক্রমাগত শক্তিশালী হচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক শোবিজ তারকা। প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত ও আফসানা মিমির অবস্থা আগের চেয়ে ভালো। চিত্রনায়ক রিয়াজ আহমেদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ জন্য তিনি বঙ্গবন্ধুর বায়োপিকের শ্যুটিং করতে যেতে পারেননি। ওমর সানি ও মৌসুমী দম্পতির পুরো পরিবার গত দুদিন আগে করোনা উপসর্গ নিয়ে টেস্ট করান। গতকাল রিপোর্ট এসেছে। ওমর সানী ছাড়া পরিবারের বাকি সদস্যদের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে রয়েছেন মৌসুমী, তার ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশা। ফারদীন বলেন, ‘বাবা ছাড়া পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বর্তমানে আমরা বাসাতেই চিকিৎসা নিচ্ছি।’

এদিকে, করোনা উপসর্গ নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। কর্তব্যরত চিকিৎসক আশীষ চক্রবর্তী বলেন, ‘১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন হাবিব। যদিও নমুনা পরীক্ষায় ফলাফল নেতিবাচক এসেছে। অনেক সময় ফলস রিপোর্ট আসে এসব ক্ষেত্রে। সেটি মাথায় রেখেই আমরা শুরু থেকে ওনার চিকিৎসা দিচ্ছি। জ¦র ও কাশি আছে। শরীর দুর্বল। ফুসফুস ৩০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দিন আমরা স্পেশাল কেয়ার ইউনিটে রেখেছি। পরে দেখলাম তার অক্সিজেন লেভেল ঠিক আছে। একটু ভালোর দিকে যাচ্ছেন তিনি। তাই শুক্রবার কেবিনে স্থানান্তর করা হয়।’

এই চিকিৎসক জানান, হাবিব ওয়াহিদ এখন বেশ ভালো আছেন। দুই-এক দিনের মধ্যে পেতে পারেন বাসায় ফেরার ছাড়পত্র। গত সেপ্টেম্বরে করোনাভাইরাস জয় করেন হাবিব ওয়াহিদের বাবা পপতারকা ফেরদৌস ওয়াহিদ।

শুধু দেশে নয়, বলিউডেও একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। গতকালই আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। আপাতত বাড়িতেই আছেন তিনি। তার আগে জানা যায়, ৫৩ বছর বয়সী সুপার ফিট তারকা অক্ষয় কুমারও আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। এই খবরটা আপনাদের জানানোর ছিল। আমি সঙ্গে সঙ্গে নিজেকে আলাদা করে ফেলেছি। বাসায় থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি। আপনারা যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, দ্রুত করোনা পরীক্ষা করান। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠে সেটে ফিরব।’ ৩০ মার্চ থেকে মুম্বাইয়ে শুরু হয়েছিল ‘রাম সেতু’ সিনেমার শ্যুটিং। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে পর্দায় দেখা দেবেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচা। এই মুহূর্তে আলিয়া ভাট, আমির খান, কার্তিক আরিয়ান, বাপ্পী লাহিড়ী, পরেশ রাওয়াল, তারা সুতারিয়া, ফাতিমা সানা শেখ, আর মাধবনসহ আরও কয়েকজন বলিউড তারকা লড়াই করছেন করোনার সঙ্গে। সম্প্রতি সেরে উঠেছেন রণবীর কাপুর ও সঞ্জয়লীলা বানসালি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত