সেঞ্চুরিয়ানে সহজ ম্যাচটা তবু কঠিন করে জিতেছিল পাকিস্তান। জোহানেসবার্গে ১৭ রানে হেরেছে তারা। একা লড়াই করেছেন ফখর জামান। ১৫৫ বলে ১৮ চার আর ১০ ছক্কায় ১৯৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলে রান আউট হয়েছেন তিনি। আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা। চার হাফ সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে নির্ধারিত ওভারে তারা ৩৪১ রান করে। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৩২৪ রান করেছিল পাকিস্তান। ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে একা টেনেও শেষ রক্ষা করতে পারেননি। অনরিখ নরকিয়া ৩ উইকেট নেন। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনিংয়ে নেমে কুইন্টন ডি কক এবং এডেন মার্করাম ৫৫ রান তোলেন। এরপর টেম্বা বাভুমার সঙ্গে দ্বিতীয় উইকেটে আরও ১১৪ রান যোগ করেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৮০ করে আউট হন ডি কক। বাভুমা ১০২ বলে করেছেন ৯২। তৃতীয় উইকেটে তিনি রাসে ডুশনকে নিয়ে ১০১ রান যোগ করেন। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর গতকাল ডুশন ৩৭ বলে ৬০ রান করে আউট হন। এরপর ডেভিড মিলারের ঝড়ে ৩৪১ এ গিয়ে থামে দক্ষিণ আফ্রিকা। ২৭ বলে ৫০ করে অপরাজিত ছিলেন মিলার। ইন্টারনেট।
×
