শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে কক্লিয়ার ইমপ্লান্ট স্থাপনে মাইলফলক ছুঁয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা। এ বিশ্ববিদ্যালয়ের কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৫০০ জন শ্রবণ প্রতিবন্ধীর কানে কক্লিয়ার ইমপ্লান্ট স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসএমএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘সরকার অত্যন্ত ব্যয়বহুল একটি ডিভাইস, যার মূল্য একটি টয়োটা গাড়ির সমান, তা বিনামূল্যে বা নামমাত্র মূল্যে শ্রবণ প্রতিবন্ধীদের প্রদান করছে। এটি একটি অনন্য মানবিক কর্মসূচি।’
জুলাই সেশনের ভর্তি পরীক্ষা স্থগিত : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বিএসএমএমইউর জুলাই সেশনের ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এমফিল, এমএমইডি, ডিপ্লোমা ও এমপিএইচ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা এবং ১৭ এপ্রিল অনুষ্ঠিতব্য মাস্টার অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হলো। শিগগিরই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
