নষ্ট ও ভন্ড নেতৃত্ব বর্জন করুন : তথ্যমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০১:৫৫ এএম

নষ্ট ও ভন্ড নেতৃত্ব বর্জন করতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘মামুনুল হকসহ যেসব নেতৃবৃন্দ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, বিভিন্ন জায়গায় তান্ডব চালিয়েছে এবং হেফাজতে ইসলামের যে নেতারা তাদের সমর্থন করেন তাদের কেমন লাগছে জানি না, কিন্তু মামুনুল হককে নিয়ে গতকালের ঘটনা প্রবাহে আমার প্রচন্ড লজ্জা লাগছে।’

গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেব্ল অপারেটর নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমি দেশের নাগরিক এবং একজন মুসলমান হিসেবে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধ জানাব, নিজেকে আলেম হিসেবে পরিচয় দিয়ে ভন্ড লেবাস ধরে যারা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে, নানা ফতোয়া দেয়, গরম গরম বক্তৃতা দেয় আর নিজের জীবন ইসলাম সম্মতভাবে পরিচালনা করে না, সেই সব নষ্ট এবং ভন্ড নেতৃত্বকে বর্জন করুন।

কেব্ল নেটওয়ার্ক পরিচালনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দেশ ডিজিটাল হয়ে গেছে, কেব্ল নেটওয়ার্ক সিস্টেমকেও ডিজিটাল হতে হবে। কারণ এটি না হলে, গ্রাহকরা ঠিক সেবা পাচ্ছে না, টেলিভিশন চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারও ঠিক রাজস্ব পাচ্ছে না। বিশেষ কিছু ব্যক্তিদের হাতে এ নেটওয়ার্ক কুক্ষিগত থাকতে পারে না। দেখা গেছে একেকজন কেব্ল নেটওয়ার্ক লাইসেন্সধারী লাখ লাখ সংযোগ দিয়েছেন, কিন্তু হিসাবের খাতায় দুই-দশ হাজার দেখাচ্ছেন। মন্ত্রণালয় নিশ্চিত করবে, যিনি যে এলাকার জন্য লাইসেন্স পেয়েছেন সেই এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, সেজন্য প্রয়োজনে আমরা কোর্ট পরিচালনা করব।’ এছাড়া নবায়ন না করার ফলে ইতিমধ্যেই ১ হাজার ২০০ লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

সভায় আরও অংশ নেন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু, কেব্ল অপারেটর প্রতিনিধিদের মধ্যে এসএম আনোয়ার পারভেজ, এবিএম সাইফুল হোসেন, মোহাম্মদ নাজমুদ্দোহা, কোয়াব প্রশাসক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার এবং মন্ত্রণালয় ও বিটিভির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত