মাদারীপুরে চুরি মামলার হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলা কারাগার থেকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। জেল কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে হাজতির মৃত্যু হয়েছে।
মাদারীপুর জেলা কারাগারের জেলার শংকর মজুমদার জানান, রাজৈর উপজেলায় একটি বাড়ীতে চুরির ঘটনায় গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের নুরুল শেখের ছেলে আয়নাল শেখকে (২৫) গত ২০ ডিসেম্বর আদালতের মাধ্যমে হাজতে রাখা হয়।
রবিবার দিবাগত রাত ৪টার দিকে হঠাৎ আয়নাল শেখ বুকে হাত দিয়ে চিৎকার করতে থাকে। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে সদর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যায়। ধারণ করা হচ্ছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
তবে হাজতির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। তারা এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মনে করছেন।
