দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেও পাকিস্তানকে জেতাতে না পারা ফখর জামান যেভাবে রানআউট হয়েছেন তাকে ‘ফেক ফিল্ডিং’ বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার।
রবিবার সেঞ্চুরিয়ানে ম্যাচ জিততে শেষ ওভারে ৩১ রান দরকার ছিল পাকিস্তানের। একাই পাকিস্তানকে ম্যাচে রাখা ফখর ব্যাট করছিলেন ১৯২ রানে। দলকে জেতানো কঠিন হলেও দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা পেয়ে যাবেন বলেই মনে হচ্ছিল।
লুনগি এনগিদির শেষ ওভারের প্রথম বলটা লং অফের দিকে ঠেলে দুই রানের চেষ্টা করেন ফখর। প্রথম রান অনায়াসে নেওয়ার পর দ্বিতীয় রান নিয়ে ফেরার সময় ডি কক ফিল্ডারকে হাতের ইশারায় নন স্ট্রাইকিং প্রান্তে বল মারার ঈশারা করেন। ফখরও তাতে পেছন ফিরে তাকিয়েছিলেন, দৌড়ের গতিও তাই কমে যায় কিছুটা। তবে ফিল্ডার এইডেন মার্কামের ক্ষিপ্র থ্রো ছুটে যায় সরাসরি স্ট্রাইকিং প্রান্তের দিকে। ভেঙ্গে যায় স্টাম্প।
ফখর ফেরেন ১৯৩ রানে। এরপর ওই ওভারে আরও ৩ চার মেরে পরাজয়ের ব্যবধান কমান মোহাম্মদ হাসনাইন। দক্ষিণ আফ্রিকার ৩৪২ রানের জবাবে পাকিস্তান হারে ১৭ রানে।
ম্যাচ শেষে এক টুইটার পোস্টে শোয়েব বলেন, ‘কী দুর্দান্ত একটা ইনিংস খেলেছে ফখর। ডাবল সেঞ্চুরি ওর প্রাপ্য ছিল। চেতনার বাইরে গিয়ে দক্ষিণ আফ্রিকা তাকে ফেক ফিল্ডিংয়ের আশ্রয় নিয়ে আউট করেছে।’
হারার পরও ম্যাচসেরা হওয়া ফখর অবশ্য জানান ভুলটা তারই, ‘আমারই ভুল ছিল। আমি অন্য প্রান্তে হারিস রউফকে দেখতেই ব্যস্ত ছিলাম। আমার মনে হচ্ছিল সে ক্রিজ থেকে একটু দেরিতে ছুটেছে, সে বিপদে পড়ছে মনে হয়েছিল। বাকিটা ম্যাচ রেফারির দেখার ভার। আমার মনে হয় না কুইন্টেনের কোন দায় এতে আছে।’
