স্পিকার ও বিরোধীদলীয় নেতাকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১২:৫২ এএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বাংলা নববর্ষের (১৪২৮) শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়বের কাছে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

প্রতি বছর প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে স্পিকার, বিরোধীদলীয় নেতা ও দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে থাকেন। করোনাভাইরাস মহামারীর মধ্যেও গত বছর বাংলা নবর্বষ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণের শুরুতেই তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘১৪২৭ বঙ্গাব্দের শুভেচ্ছা। দেশে-বিদেশে যে যেখানেই আছেন, সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।’ দেশে করোনাভাইরাসের মহামারী মোকাবিলায় এই উৎসবের সময় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এবার সবাইকে অনুরোধ করব, কাঁচা আম, জাম, পেয়ারা, তরমুজসহ নানা মৌসুমি ফল সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করুন।’

গত বছরও দেশে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ জন্য পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বাতিল করা হয়। এ বছরও পহেলা বৈশাখের আগেই ৭ দিনের ‘লকডাউন’ চলছে দেশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত