শাহজালাল বিমানবন্দর

লেবানন প্রবাসীদের কোয়ারেন্টাইন বিরোধী বিক্ষোভ

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০১:৫৪ এএম

করোনার সংক্রমণ বৃদ্ধিতে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনেই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোয়ারেন্টাইনবিরোধী বিক্ষোভ করেছেন লেবাননফেরত এক দল যাত্রী। গতকাল সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় বিমানবন্দর কর্র্তৃপক্ষ। তাদের ভাষ্য, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে লেবানন থেকে দেশে ফেরেন ২৭৮ জন বাংলাদেশি। এরপর তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানোর প্রস্তুতি নেওয়া হলে বিক্ষোভে ফেটে পড়েন তারা। একপর্যায়ে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন।

বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘লেবানন থেকে আসা ফ্লাইটটির ব্যাপারে এয়ারলাইনস, দূতাবাস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দর কর্র্তৃপক্ষকে আগে থেকে কোনো তথ্য জানানো হয়নি। ফলে রবিবার রাত ৩টার দিকে ফ্লাইটটি এলে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। প্রায় এক ঘণ্টা আকাশে অপেক্ষার পর বিশেষ বিবেচনায় ফ্লাইটটি অবতরণের অনুমতি পায়। কিন্তু আগাম তথ্য না থাকায় সে সময়ে বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন না। পরে সকাল ৭টার দিকে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হয়। এ সময় তারা কোয়ারেন্টাইনে যেতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। পরে বাধ্য হয়ে সেনাবাহিনী ও বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠাতে তাদের গাড়িতে তুলে দেওয়া হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘যাত্রী ও তাদের স্বজনরা আবেগে উত্তেজিত হয়ে পড়েছিলেন। পরে আমরা তাদের শান্ত করি।’

প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় ইউরোপ ও ১২টি দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করে বেবিচক। সেই তালিকায় লেবাননও রয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত শনিবার (৩ এপ্রিল) থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত