ছাত্র ইউনিয়ন সভাপতির ওপর হামলার বিচার দাবি ইবি সংসদের

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০১:০৯ পিএম

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহর ওপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেছে সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

সোমবার  এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ  ও সাধারণ সম্পাদক জি. কে সাদিক এ দাবি জানান।

ইবি সংসদের দপ্তর সম্পাদক পিয়াস পান্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এই ঘটনাকে মোটেও বিচ্ছিন্নভাবে দেখছি না।  অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ছাত্র ইউনিয়নে আধিপত্য স্থাপনের জন্য সংগঠনের ঐক্য বিনষ্ট করতে সক্রিয়। যারই প্রেক্ষিতে এই হামলা। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মতো একটি বামপন্থী সংগঠনের নেতাকর্মী কর্তৃক ছাত্র ইউনিয়ন নেতার আক্রান্ত হওয়ার অভিযোগ আসা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই। এছাড়াও কুষ্টিয়ার একটি ঘটনায় ইবি শাখার সাধারণ সম্পাদকেও জলি তালুকদার  দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে। 

তারা আরও বলেন, ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়েই কেবল সকল হামলা-মামলার সমুচিত জবাব দেওয়া সম্ভব।

সিপিবি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই ঘটনার আদ্যোপান্ত বের করে দোষীদের শাস্তির আওতায় আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ছাত্র ইউনিয়নের ইবি সংসদ।

প্রসঙ্গত, রবিবার রাতে রাজধানীতে সিপিবি নেত্রী জলি তালুকদারের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পুরানা পল্টনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত