রিজভীর অবস্থা স্থিতিশীল, করোনা আক্রান্ত এ্যানী

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০১:৩৮ এএম

রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘সর্দি, জ¦র থাকায় করোনা টেস্ট করতে দিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। এখন চিকিৎসকদের পরামর্শে বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছি।’ গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে রিজভীকে দেখে এসেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভালো। তার জ্বর নেই এবং কাশিও কমছে।’

তিনি বলেন, ‘প্রতিদিনই এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। আজকের এক্সরের রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবারও খাচ্ছেন। সিটি স্ক্যান করা হয়নি। শিগগিরই সিটি স্ক্যান করার কথা ভাবছেন চিকিৎসকরা। আশু রোগমুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।’

গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। গত ৫ দিন আগে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে  নেওয়া হয়। এদিকে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের পুরো পরিবার করোনায় আক্রান্ত। উত্তরায় নিজেদের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত