ফিরতি লেগের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্লপ

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১১:২৩ এএম

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে পাত্তা পায়নি লিভারপুল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ঘরের মাঠ স্তাদিও আলফ্রেডো ডি স্তেফানোতে অলরেডদের ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

অথচ প্রতিশোধের পাশাপাশি জয়ের আশা নিয়ে মাদ্রিদ সফরে গিয়েছিল লিভারপুল। কিন্তু এখন উল্টো নিজেরা শেষ চারে যাওয়া নিয়ে শঙ্কায়। তবে অ্যানফিল্ডের কোচ প্রথম লেগের হারে কিছুটা হতাশ হলেও ফিরতি লেগের ব্যাপারে আশাবাদী।

অতীত থেকেও আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে লিভারপুল। কামব্যাকের গল্প লেখাটা নতুন নয় তাদের জন্য। নিজেদের মাঠে ফিরতি লেগে তেমনকিছু আবারও উপহার দিলে আশ্চর্যের কিছু থাকবে না।

ম্যাচ শেষে বিটি স্পোর্টের সঙ্গে কথা বলার সময় তেমন আশাবাদ-ই ব্যক্ত করেন ক্লপ, ‘যদি সেমিফাইনালে যেতে চান, তবে সঠিক কাজটাই করতে হবে। আজকের রাতে আমরা তা করতে পারিনি। বিশেষ করে প্রথমার্ধে’।

তিনি আরও বলেন, ‘আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলিনি। আমরা তাদের (রিয়াল মাদ্রিদ) জন্য জয়টা সহজ করে দিয়েছি।’

টনি ক্রুসের পাস থেকে ২৭তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসানসিও।

প্রথমার্ধে নিজেদের ছায়া হয়ে থাকা লিভারপুল বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করে। ৫১তম মিনিটে মোহামেদ সালাহর গোলে সমতায় ফেরার আশাও করছিল অলরেডরা।

তবে ৬৫তম মিনিটে লুকা মদরিচের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে দাপুটে জয় এনে দেন ভিনিসিয়াস্।

আগামী ১৪ এপ্রিল দিবাগত রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রিয়ালকে আতিথেয়তা দেবে লিভারপুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত