বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদ্য নির্বাচিত কমিটি শপথ নিয়েছে বুধবার। তবে এবারের আয়োজন ছিল অভিনব। উন্মুক্ত স্থানে তারা শপথ নিলেন। সবই করোনার কারিশমা!
বেলা সাড়ে ১২টার দিকে বিএফডিসিতে অবস্থিত পরিচালক সমিতির অফিসে হাজির হয়ে নতুন সভাপতি সোহানুর রহমান সোহানকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু।
এরপর সোহান এফডিসির শহীদ মিনার চত্বরে অন্য নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি করোনার স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন।
গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয় সমিতির দুই বছর মেয়াদী কমিটির নির্বাচন। এতে সভাপতি সোহানুর রহমান সোহান আর মহাসচিব হিসেবে নির্বাচিত হন শাহীন সুমন।
সহ-সভাপতি ছটকু আহমেদ, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, অর্থ-সচিব মো. সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব নোমান রবিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব হলেন আনোয়ার সিরাজী।
১০টি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেন যথাক্রমে- পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন।
