হেফাজত ইসলামের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবদল নেতা ইকবাল হোসেনকে (৪২) আটক করেছে র্যাব-১১।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করা হয়।
আটক ইকবাল হোসেন মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ির মৃত ইদ্রিছ আলীর ছেলে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা হয়েছে। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গরু চুরির মামলায় আটক হয়ে কারাভোগও করেছেন এই জনপ্রতিনিধি।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের দিন সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল মোড় এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারি কাজে বাঁধা সৃষ্টি করা হয়। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ছয়টি মামলা দায়ের করে। কাউন্সিলর ইকবাল হোসেন ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামি।
