করোনার মাঝেই শুক্রবার শুরু আইপিএল

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১১:৪২ পিএম

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম সংস্করণ মাঠে গড়াচ্ছে শুক্রবার।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আসর। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছর আসরটি সংযুক্ত আবর আমিরাতে আয়োজিত হলেও এবার ভারতেই হচ্ছে। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে। তবে করোনাকে পাশ কাটিয়েই আইপিএল সফল করার সর্বাত্মক চেষ্টা করছে বিসিসিআই।

যদিও আসর শুরুর আগেই বেশ কয়েকজন ক্রিকেটার এবং কর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। বিসিসিআইকে তাই প্রতিদিনই নিত্যনতুন ভাবনাচিন্তা করতে হচ্ছে। সে দিক থেকে এ বারের আইপিএলও হতে যাচ্ছে অন্যরকম পরিবেশেই।

জৈব সুরক্ষা বলয়, কোয়ারেন্টাইন, করোনা- ইত্যাদি শব্দ এবারো পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের।

খেলা হবে দর্শকশূন্য গ্যালারিতেই। করোনার প্রভাব কমলে শেষ দিকে সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে, এমন খবরও রয়েছে। অবশ্য কৃত্রিমভাবে দর্শকদের আওয়াজ শোনানো হবে। তা শুনেই নিজেদের উদ্বুদ্ধ করতে হবে ক্রিকেটারদের।

শক্তির বিচারে এবারও এগিয়ে থাকছে মুম্বাই। তবে কালো ঘোড়া হতে পারে দিল্লি ক্যাপিটালস। বেশির ভাগ ক্রিকেট বিশেষজ্ঞেরই মত, এ বারের আইপিএলে সব থেকে বেশি ভারসাম্যপূর্ণ দল তাদের।

এদিকে গত বার হতাশ করার পর এ বার শক্তিশালী হয়ে ফিরছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সও শক্তি বাড়িয়েছে। চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের মতো দলও।

এবারের আইপিএলে বাংলাদেশ থেকে খেলছেন দুজন। সাকিব আল হাসান রয়েছেন কলকাতা নাইট রাইডার্সে, মোস্তাফিজুর রহমান খেলবেন রাজস্থান রয়্যালসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত