ধর্মের ভিত্তিতে ভোট প্রার্থনা

মমতাকে নির্বাচন কমিশনের নোটিস

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০১:১০ এএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে নোটিস দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। গত বুধবার তাকে এ নোটিস পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে কমিশন। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

গত শনিবার হুগলির তারকেশ্বরে এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে সংখ্যালঘু মুসলিমদের একজোট হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। তিনি বলেছিলেন, ‘বিজেপি টাকার থলি নিয়ে মাঠে নেমেছে। তারা সংখ্যালঘু ভোট ভাগ করতে চায়। কিন্তু সংখ্যালঘু ভোট যাতে ভাগ না হয়; বিজেপির কথায় কান না দিয়ে সংখ্যালঘুদের একজোট হয়ে ভোট দিতে হবে।’

ওই সভায় বিজেপিকে ঠেকানোর আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘মনে রাখবেন, বিজেপি এলে সমূহ বিপদ। সবচেয়ে বেশি আপনাদের।’

মমতার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে বিজেপি। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যায়। তারা মমতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিজেপির এ আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মমতাকে নোটিস দেয়।

ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভোট চাওয়া ভারতের নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তার প্রার্থী পদ খারিজ হয়ে যেতে পারে।

এদিকে মমতাকে নোটিস দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল এমপি মহুয়া মৈত্র। তিনি টুইট করে প্রশ্ন তুলেছেন, ‘বিজেপি যে টাকা বিলি করছে, ক্যাশ কুপন বিলি করছে, সেই অভিযোগের কী করল নির্বাচন কমিশন?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত