করোনাভাইরাসের বিস্তাররোধে প্রথম ডোজের টিকার পর এবার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নিবন্ধিত মানুষকে টিকা দেওয়া হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত নিবন্ধিত ৫৫ বছরের ঊর্ধ্ব নাগরিক এবং ১৮ শ্রেণির করোনার সম্মুখযোদ্ধাদের নির্ধারিত হাসপাতাল ও কেন্দ্রে গিয়ে টিকা নিতে দেখা গেছে।
সকাল থেকেই দ্বিতীয় ডোজের টিকা নিতে হাসপাতাল ও কেন্দ্রগুলোতে টিকা নিতে তালিকাভুক্ত ব্যক্তিদের আসতে দেখা যায়। গতকাল টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মন্ত্রীদের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ নেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাবউদ্দিন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সস্ত্রীক দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাবউদ্দিন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের টিকাদান কেন্দ্রে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
প্রথম দিনে দ্বিতীয় ডোজের টিকা নিলেন ৮১ হাজারের বেশি মানুষ : সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। এর মধ্যে পুরুষ ৬০ হাজার ৫২৮ ও নারী ২০ হাজার ৭৯৫ জন। এর মধ্যে ঢাকায় ৪৭ কেন্দ্রে টিকা নিয়েছেন ১৪ হাজার ৪৬৩ জন।
দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে কোনো পাশর্^প্রতিক্রিয়া দেখা দেয়নি। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের ৪৭টি হাসপাতালে ১৪ হাজার ৪৬৩ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৫১৫ পুরুষ ও ৩ হাজার ৯৪৮ জন নারী। এছাড়া ঢাকা বিভাগে ২৭ হাজার ৯৭০, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৬৯০, চট্টগ্রাম বিভাগে ১৭ হাজার ৮৯৩, রাজশাহীতে ৫ হাজার ২৭৭, রংপুর বিভাগে ৭ হাজার ৯৬৫, খুলনা বিভাগে ৯ হাজার ১০১, বরিশাল বিভাগে ৩ হাজার ৩৬০ এবং সিলেট বিভাগে ৫ হাজার ৬৭ জন টিাকা নিয়েছেন।
প্রথম ডোজের টিকা অব্যাহত : দ্বিতীয় ডোজের টিকাদান শুরুর পরও এখনো প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। গতকাল প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৪ হাজার ৮০৪ জন। এদের মধ্যে মাত্র দুজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আর এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৪১ জনের। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।
কনোরাভাইরাসরোধী টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের ৫৬ বিচারপতি : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান দেশ রূপান্তরকে এ তথ্য জানান। এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সস্ত্রীক টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
এদিকে করোনাভাইরাসরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ৫৫ বিচারপতি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তারা টিকার দ্বিতীয় ডোজ নেন। সাইফুর রহমান জানান, আপিল বিভাগের ৫ বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৫০ বিচারপতি বিএসএমএমইউতে সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এছাড়া সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিররা দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন।
