সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান। গতকাল বৃহস্পতিবার সেনাসদরে সাক্ষাৎকালে ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কভিড-১৯-এর এক লাখ ডোজ টিকা বাংলাদেশ সেনাপ্রধানের কাছে হস্তান্তর করেন ভারতীয় সেনাপ্রধান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষাবিষয়ক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পারিক প্রতিরক্ষা সহযোগিতা ইত্যাদি বিষয়সমূহের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈশ্বিক মহামারী কভিড-১৯ মোকাবিলায় ভারতের প্রশংসনীয় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ। একইভাবে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে দুপুরে জেনারেল নারাভান ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার শেষে জেনারেল নারাভান সেনাকুঞ্জে বৃক্ষরোপণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল নারাভানের নেতৃত্বে তিন সদস্যের ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সকালে ঢাকায় আসেন। সফরকালে ভারতের সেনাবাহিনী প্রধান ১১ এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিতব্য ‘আর্মি চিফস কনক্লেভ’-এ অংশগ্রহণ করবেন।
আইএসপিআর জানিয়েছে, মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৪-১২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বহুজাতিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’ পরিচালিত হচ্ছে। এ অনুশীলনের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ অধ্যায় ‘আর্মি চিফস কনক্লেভ’ যেখানে অংশগ্রহণকারী দেশসমূহের সেনাপ্রধানরাসহ বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। সফর শেষে ভারতীয় প্রতিনিধিদলটি ১৩ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে।
