বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শ্রমিকদের

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০২:০২ এএম

সাভারে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন স্থানীয় ভার্সেটাইল এ্যটেয়ার্স লিমিটেড কারখানার শতাধিক শ্রমিক। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভার্সেটাইল অ্যাটেয়ার্স লিমিটেড কারখানার শতাধিক শ্রমিক দুই মাসের বকেয়া বেতন না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভুক্তভোগী শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলে জানিয়ে দেন।

শ্রমিকরা জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করায় গত ৩১ মার্চ কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শিল্প পুলিশের এএসপি আউয়াল সাহেবের সভাপতিত্বে শিল্প পুলিশের কার্যালয়ে এক আলোচনা সভায় আজ (গতকাল) বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আজকে আমাদের বেতন না দিয়ে কারখানা ছেড়ে পালিয়ে যায়। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।

নারী শ্রমিক খাদিজা আক্তার বলেন, ‘করোনার মধ্যে গাড়ি বন্ধ থাকার পরও আমরা অনেক কষ্টে বেশি ভাড়া দিয়ে রিকশায় করে কারখানায় আসি। দুই মাসের বেতন না পেয়ে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে খেয়ে না খেয়ে দিন পার করছি। এই মুহূর্তে কর্তৃপক্ষ বেতন নিয়ে টালবাহানা শুরু করায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা প্রয়োজনে রাস্তায় জীবন দিয়ে দিব, তবুও বেতন না পাওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের শ্রমিক নেতা রতন হোসেন মোতালেব জানান, থানা পুলিশ, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের পাওনাদি ১৩ এপ্রিলের মধ্যে পরিশোধের আশ্বাস দেয়। এর মধ্যে কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করলে প্রয়োজনে কারখানা বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধের সিদ্ধান্ত দেওয়া হয়। শ্রমিকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে শিল্প পুলিশের এএসপি আউয়াল এ ঘোষণা দিয়েছেন বলে জানান এই শ্রমিক নেতা। 

জানতে চাইলে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়ায় তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত