মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিসিএস কর্মকর্তাদের ‘৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো কঠোর পদক্ষেপ নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য এবং সেটা আমরা নেব। সমগ্র দেশবাসীকে আজকে এই সভার মাধ্যমে সবাইকে বলবপ্রত্যেকে যাতে স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে চলে সেই ব্যবস্থাটা নেবেন।
তিনি বলেন, মানুষের জীবন-জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। এ বিষয়ে সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং প্রত্যেকে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে। প্রধানমন্ত্রী বলেন, মাস্ক পরাটা একান্তভাবে দরকার। সেই সঙ্গে সঙ্গে গারগল করা, বাইরে যেখানেই যাবেন ঘরে ফিরে গরম পানির ভাপটা নেবেন।
শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই। আমি জানি এখন আমার যে বয়স তাতে ৪১ সাল পর্যন্ত বেঁচে থাকা বা রাষ্ট্র পরিচালনার কোনো সম্ভাবনা নেই। আজকে যারা নবীন অফিসাররা প্রশিক্ষণ নিয়ে দায়িত্ব পালনে কাজে যাবেন। আপনাদের ওপর এই দায়িত্ব পড়বে। আমি বলব, আমার ৪১-এর উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক হচ্ছে এই নতুন প্রজন্ম, যারা রাষ্ট্রের দায়িত্বে যোগ দেবেন।
প্রজাতন্ত্রের কর্মচারীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, সবসময় এই কথাটা মনে রাখতে হবেআত্মবিশ্বাসের সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সবসময় দেশের মানুষের জন্য যে কর্তব্যবোধ সেটা থাকতে হবে। সিভিল সার্ভিসে যারা কাজ করেন, তাদের এ কথা মনে রাখতে হবে। দেশের মানুষের জন্য আপনাদের কাজ করতে হবে।
এ প্রসঙ্গে জনগণের জন্য করণীয় বিষয়ে প্রজাতন্ত্রের কর্মীদের উদ্দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনাগুলো স্মরণ করিয়ে দেন তার কন্যা শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় ওই গরিব কৃষক, আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়। আমি গাড়ি চড়ি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন, ওরাই মালিক।
শেখ হাসিনা বলেন, আমাদের মহান মুক্তির সংগ্রামে, মুক্তিযুদ্ধে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে। কাজেই বাংলাদেশ হবে ধর্ম, লিঙ্গ, ধনী, দরিদ্র কোনো ভেদাভেদ না। মানুষ, মানুষের। মানুষকে মানুষ হিসেবে দেখে তাদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে তাদের সমান অধিকার দিয়ে কাজ করতে হবে। সেই মানসিকতা নিয়েই আপনারা জনগণের সেবা করবেন। সেটাই আমি চাই।
প্রধানমন্ত্রী বলেন, কেউ তো ইচ্ছে করে দরিদ্র হয় না। আর দরিদ্র হয়ে জন্মালে তাকে আমরা অপবাদ দিতে পারি না। বা কেউ প্রতিবন্ধী, অটিস্টিক হলে তাকে আমরা অপবাদ দিতে পারি না। কিন্তু তাদের সাহায্য করা দরকার, তারা যেন উঠে দাঁড়াতে পারে মাথা উঁচু করে চলতে পারে। সেভাবে আমরা কাজ করতে চাই। দেশের মানুষের সেবা করতে চাই। সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোর্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
