নারায়ণগঞ্জের বন্দর মদনপুর এলাকার আধিপত্য বিস্তার ও ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া নামে (২৫) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত জুয়েল মিয়া মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে মদনপুর ইউনিয়নের সাইরা গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ও একই এলাকায় দুটি ড্রেজারের লাইন স্থাপন নিয়ে আলিম বাহিনী এবং নিহত যুবক জুয়েলের পিতা আনোয়ার বাহিনীর মাঝে বিরোধ চলে আসছিল। এরই জেরে আলিম বাহিনী জুয়েল বাহিনীর ওপর হামলা করে। এসময় আলিমের লোকেরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায়। ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের আরও কমপক্ষে ১০ জন আহত হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. বিল্লাল হোসেন বলেন, দু’পক্ষের আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়।
