গাজীপুরে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১২:২৭ এএম

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় থেমে থাকা আন্তঃজেলা পরিবহনের তিনটি বাস পুড়ে গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ‘কে চৌধুরী ফিলিং স্টেশন’-এর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ কিংবা গাড়ির ভেতরে শ্রমিকদের ব্যবহৃত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পুলিশ, বাসের শ্রমিক ও স্থানীয়রা জানান, ভোগড়া এলাকায় কে চৌধুরী ফিলিং স্টেশনের প্ল্যাটফর্মে প্রতিরাতে বিভিন্ন আন্তঃজেলা সার্ভিসের বাসসহ একাধিক গাড়ি পার্কিং করে রাখেন শ্রমিকরা। বৃহস্পতিবার রাতেও যাত্রী নামিয়ে চারটি বাস পার্কিং করে তার ভেতরে ঘুমিয়ে পড়েন শ্রমিকরা। রাত পৌনে ২টার দিকে হঠাৎ শ্যামলী বাংলা সার্ভিসের একটি বাসে আগুন জ্বলতে দেখেন শ্রমিকরা। মুহূর্তে এ আগুনে পার্কিংয়ে থাকা এনা পরিবহনের দুটি বাস ছাই হয়ে যায়।

তবে শ্রমিকরা ট্রাকের সাহায্যে সোনার মদিনা পরিবহনের একটি বাস নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে সক্ষম হন। পরে স্থানীয়রা খবর দিলে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে গতকাল শুক্রবার পুলিশের সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। এ বিষয়ে বাসন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত