কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিশালাকার মৃত তিমি। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জোয়ারের পানিতে ভেসে এটি বালিয়াড়িতে আটকা পড়ে। খবর পেয়ে উৎসুক মানুষ তিমিটি দেখতে ভিড় করেন।
হিমছড়ি এলাকার ব্যবসায়ী মো. ফরিদ আলম জানান, তিমিটির ওজন আনুমানিক তিন টন। ৩৫ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া মাছটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পচে দুর্গন্ধ হয়ে গেছে। কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে যায়। তিমিটির নমুনা সংগ্রহ করে জেলা প্রশাসনের সহায়তায় মাটিচাপা দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, সপ্তাহ দুয়েক আগে তিমিটি মারা গেছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর জানা যাবে। এ প্রজাতির তিমি বঙ্গোপসাগরে রয়েছে, বিশেষ করে সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায়ই চোখে পড়ে। তিমিটি মারা যাওয়ার পর হয়তো ভাসতে ভাসতে সৈকতের উপকূলে ভিড়েছে বলে জানান তিনি।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, বিশালাকারের তিমিটি গলিতপ্রায়। ১৯৯১ সালে উখিয়ার ইনানি সৈকতে এবং ১৯৯৬ ও ২০০৮ সালে হিমছড়ি সৈকতে এভাবে তিমি ভেসে এসেছিল। দীর্ঘদিন পর আবার মৃত তিমি সৈকতে ভেসে এলো।
