বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

দলে ফিরলেন শুভাগত, সঙ্গে নতুন তিন মুখ

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০২:১৯ এএম

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার নাটক অবশেষে শেষ হলো। ২১ সদস্যের প্রাথমিক দলে ফিরেছেন শুভাগত হোম। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিন তরুণ পেসার শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ। সম্ভাবনা জাগিয়েও ডাক পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি বলে টেস্ট দলে ফেরা হলো না তার। এ ছাড়া একই কারণে ডাক পাননি পেসার হাসান মাহমুদ। উইন্ডিজের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। আইপিএলের কারণে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এ ছাড়া টেস্ট দলে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। নিয়মিতভাবেই প্রাথমিক দলে নাম উঠেছে উইকেটকিপার নুরুল হাসান সোহানের। এ ছাড়া মুমিনুল হকের নেতৃত্বে উইন্ডিজের বিপক্ষে টেস্টে থাকা দলের সদস্যরাই আছেন। 

আগেই বলা ছিল দল এবার বড় হবে। শ্রীলঙ্কায় করোনা সতর্কতার কারণে নেট বোলার দিচ্ছে না স্বাগতিক ক্রিকেট বোর্ড। তাই বাড়তি ক্রিকেটার নিয়ে যাওয়া। এ ছাড়া নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতেও ক্রিকেটার চাই। এ কারণেই ২১ সদস্যের প্রাথমিক দল। তবে দলে নতুন যারা সুযোগ পেয়েছেন এবং শুভাগতর ফেরা পুরোটাই বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগের কারণে। চার ক্রিকেটারই নিজ নিজ দলের হয়ে পারফরম করে দলে জায়গা পেয়েছেন। এই তরুণ ক্রিকেটারদেরই টেস্টের ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে। প্রাথমিক দল ঘোষণা করা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় প্রাথমিক স্কোয়াড নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এটা আমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। এ ছাড়া আমরা যাদেরকে লঙ্গার ভার্সনের জন্য ভবিষ্যৎ মনে করছি তারা এক্সপোজার পাবে।’

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার শুভাগত হোম ২০১৬ সালের পর টেস্টে ডাক পেলেন। যেকোনো ফরম্যাটেই এতদিন পর এটি তার প্রথম ডাক পাওয়া। ওই বছর ইংল্যান্ডকে হারানো টেস্টের পর আর জাতীয় দলে সুযোগ পাননি এই অলরাউন্ডার। 

আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে নিজেদের মধ্যে ভাগ হয়ে ১৭ এপ্রিল দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

বাংলাদেশের প্রাথমিক দল : মুমিনুল হক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত