জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার জন্মদিন আজ (১০ এপ্রিল)। লাল-সবুজের ফুটবলের এই পোস্টারবয় বিশেষ দিনে ভেসে যাচ্ছেন ভক্তদের শুভেচ্ছা বার্তায়। জামালও ভক্তদের কৃতিজ্ঞতা জানাতে ভুললেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে ধন্যবাদ দিলেন সবাইকে। সেই সঙ্গে জানিয়ে দিলেন নিজের প্রিয় ফুটবলারের নাম।
করোনার কারণে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরুর সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাইফ স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার জামাল তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়ে ডেনমার্কে চলে গেছেন। জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটল তার।
তবে ভক্তদের সঙ্গেও তো কিছু শেয়ার করা চাই! জামাল তার ছোট বেলার একটি ছবি পোস্ট করেছেন, গায়ে প্রিয় ফুটবলারের জার্সি।
ক্যাপশনে জামাল লিখেছেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিলের রোনালদো নাজারিও আমার প্রিয় ফুটবল খেলোয়াড়। ১৯৯৮ সালে এই ছবি তোলা হয়েছে, ফ্রান্সে তখন বিশ্বকাপ চলছিল।’
এরপর জামালের সংযোজন, ‘আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ। ভালোবাসি সবাইকে।’
জন্মদিনে জামালকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘ডেনমার্কে জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত জামাল ভূঁইয়া বাংলাদেশ ফুটবলকে দেখিয়েছেন আশার পথ। আজ তার ৩১তম জন্মদিনে বাফুফের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।’
