টিকার দ্বিতীয় ডোজ নিলেন ক্রিকেটাররা

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:১৬ এএম

শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে যারা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদের সবার দ্বিতীয় ডোজের দিন ছিল গতকাল। ক্রিকেটাররা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যথাসময়েই টিকার সেই দ্বিতীয় ডোজ নিয়েছেন। যারা প্রথম ডোজ নেননি তাদের মধ্যে মুশফিকুর রহিম গতকালও টিকা নেননি।

লকডাউনের কারণে ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের জন্য ভিন্ন ব্যবস্থা করছে বিসিবি। বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী দেশ রূপান্তরকে জানান, ‘ঢাকার বাইরে সিলেটে বা অন্য যেখানে যারা আছে তারা লকডাউনের কারণে আসতে পারেনি। তাদের নিজ নিজ স্থানেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর প্রথম ডোজ নেওয়ার নির্ধারিত সময় পর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা। কিন্তু ওই সময় সবাই শ্রীলঙ্কায় থাকবে বলে বিশেষ বিবেচনায় একটু আগেই টিকা দেওয়া হচ্ছে ক্রিকেটারদের।’

গতকাল টিকা নিয়ে দেশবাসীর কাছে এই কঠিন সময়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তাসকিন আহমেদ, ‘সত্যি কথা বলতে আসলে বর্তমানে করোনার পরিস্থিতিটা একটু কঠিন। এটা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের নিজেদেরই আরও সচেতন হতে হবে। আমরা আজ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিলাম। নিজেরা যদি সচেতন না হই আমরা, তাহলে আরও খারাপ হবে। আমরা সচেতন থাকার চেষ্টা করছি, আহ্বান জানাচ্ছি আপনারাও সচেতন থাকুন।’ গতকাল ক্রিকেটাররা ছাড়াও ফিল্ডিং কোচ রায়ান কুক, ফাস্ট কোলিং কোচ ওটিস গিবসনসহ অন্যান্য কোচিং স্টাফরাও টিকা নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত